আমার চোখে রবি ঠাকুর
বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভাধর একজন, আমাদের সর্বকালের সর্বযুগের কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। তিনি যেন এক বিস্ময়কর প্রতিভা। কবি, নাট্যকার, চিত্রশিল্পী ও দার্শনিক, প্রবন্ধ, রম্যরচনা— প্রতিটি শাখায় তার সাহিত্য প্রতিভা ব্যাপক বিস্তার লাভ করে। তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় নোবেল পুরস্কার লাভে। গীতাঞ্জলি কাব্য গ্রন্থের জন্য ইংরেজি অনুবাদের মধ্য দিয়ে প্রথম বাঙালি হিসেবে ১৯১৩ সালে সাহিত্য পুরস্কার লাভ করেন।
বিদ্যালয়ে পাঠদানের শুরুতে প্রতি প্রভাতে ছোট ছেলেমেয়েরা তার রচিত গান আমার সোনার বাংলা গেয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে। গান, সাহিত্য, কাব্য— তার লেখনির মাঝে মাঝে মনে হয় কোনো দিক বাদ পড়েনি। পরিপূর্ণ তার বাংলা সাহিত্য। ছোটগল্প রচনার প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ‘আমি প্রথমে কেবল কবিতাই লিখতাম, গল্পে-টল্পে বড় হতে দিইনি। মাঝে একদিন বাবা ডেকে বললেন, তোমাকে জমিদারির বিষয় দেখতে হবে। আমি তো অবাক, আমি কবি মানুষ, আমি পদ্য-টদ্য লিখি, আমি এই সবের কী বুঝি। কিন্তু বাবা বললেন তা হবে না, তোমাকে এই কাজ করতে হবে। কী করি, বাবার হুকুম।’ জমিদারি দেখা উপলক্ষে রবীন্দ্রনাথের বিভিন্ন লোকের সাথে মেশার সুযোগ হয়, এই থেকে তার গল্প লেখার শুরু। অসংখ্য গল্প লিখেছেন, তার মধ্যে হৈমন্তী, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ত্যাগ, সমাপ্তি, শেষের রাত্রি, ছুটি, আর কত কি।
হৈমন্তী একটি সমাজসচেতনমূলক ছোট গল্প যেখানে পণপ্রথা ও পারিবারিক নিষ্ঠুরতার করুণ চিত্র ফুটে উঠেছে। হৈমন্তীর স্বামী অপূর্বকে, গল্পটিতে হৈমন্তীর বাবা বলেছেন, ‘বাবা, আমার মেয়েটিকে আমি সতেরো বছর ধরিয়া জানি, আর তোমাকে এই কটি দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পার, ইহার বেশি আশীর্বাদ আর নাই।’ অপূর্ব হৈমন্তীকে ভালোবাসত, কিন্তু সে ছিল দুর্বল প্রকৃতির, যে সমাজের রীতিনীতির কাছে ছিল অসহায়। হৈমন্তীর মৃত্যুর মধ্য দিয়ে অপূর্বের জীবনে গভীর শূন্যতা নেমে আসে। মনে হয় এখন অনেক হৈমন্তী এই সভ্য যুগেও আছে। সমাজের সংকীর্ণ লোভ আর অনৈতিক প্রথা যেন অনেক অপূর্ব আর হৈমন্তীকে ঘিরে রেখেছে।
কাবুলিওয়ালা গল্পে কলকাতার এক অভিজাত পরিবারের মেয়ে মিনি। এই মিনির মাঝেই কাবুলিওয়ালা খুঁজে পেয়েছিল, যেন বাড়িতে ফেলে আসা তারই ছোট মেয়েকে। রাস্তার ধারে সেই ফলবিক্রেতার সাথে ছোট্ট মিনির বন্ধুত্ব একমাত্র রবীন্দ্রনাথই দেখতে পেয়েছেন। গল্পটি যেন প্রতিটি বাঙালি পিতার জন্য কন্যার এক চিরন্তন আবেগ। কীভাবে কন্যা ধীরে ধীরে বড় হয়ে পিতৃগৃহের এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ করে, কাবুলিওয়ালার মিনির মাঝেই খুঁজে পায়।
রবীন্দ্রনাথের গল্প ছুটি-তে দেখি দুরন্ত ডানপিটে ফটিক কলকাতায় পড়তে এসে মাকে ছাড়া অসহায় ভাবছিল। মামার বাড়িতে কলকাতায় এসে মমতাহীন মানুষের ভিড়ে, মামির করা শাসনে, শহরের কৃত্রিম পরিবেশে তার মনে গভীর প্রভাব ফেলে। সে তার মায়ের আদরমাখা শাসন আর গ্রামের পরিবেশ তাকে টানছিল। তাই কোনো এক বর্ষার দিনে প্রচণ্ড জ্বর নিয়ে সে মামার বাড়ি থেকে পালাতে চেয়েছিল। কিন্তু তার পালানো হলো না। চিরকালের মতো সে ছুটি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলো। মানুষের জীবনে কিশোর বয়স যে কতটা গুরুত্বপূর্ণ সময়, তা কেবল রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়লে বুঝা যায়।
তার রচিত গান বিচিত্র বিষয় নিয়ে রচিত। তার গানে খুঁজে পাই আধ্যাত্মিক চেতনা ও নির্মল শান্তির বাণী।
‘অন্তর মম বিকশিত করো, অন্তর কর হে নির্মল, কর উজ্জ্বল, কর সুন্দর হে।’ রবীন্দ্রসঙ্গীত আমার অতি প্রিয়, আর তাই হয়তো বেসুরা গলায়েও গাইতে মন চায়— ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়।’ অথবা ‘এসো শ্যামল সুন্দর...’ বিরহিণী চাহিয়া আছে আকাশে— এই সমস্ত গান খুব ভালো লাগে।
রবীন্দ্রনাথের এত গান, গল্প, কবিতা, নাট্যকাব্য— এত কিছু পড়ার বা বোঝার ক্ষমতা অথবা সৌভাগ্য আমার হয়নি, তার রচনাবলীর অতি সামান্যই জেনেছি। তবুও উপলব্ধি করেছি, অনুভব করেছি, যা এই ছোট্ট লিখায় বা ভাষায় প্রকাশ করা যাবে না। তার হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলি একবার শুনলে মরমে বাজতে থাকে। তার গানের প্রতিটি লাইন যেন আমাকে জীবনের নানা রঙের সাথে পরিচয় করিয়ে দেয়। চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। তাঁর সুর ও ছন্দ আমার অবসরের সঙ্গী হয়ে আছে। তাঁর গানের কথা মনে পড়ে— তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এ আগুন ছড়িয়ে গেল সবখানে, মরা গাছের ডালে নাচে আগুন তালে তালে। ‘ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু’— এই গানটিতে কবি ক্লান্তি, চলার পথে দুর্বলতা এবং বিশ্বাসের মধ্যে সামান্য পিছিয়ে পড়ে যাওয়ায় প্রভুর থেকে ক্ষমা চেয়েছেন। মনের এই ছোট্ট ক্ষণে আর একটি গানের লাইন মনে পড়ছে— তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার নিভৃত সাধনা, মন বিজন গগন বিহারী। আমি আমার মনের মাধুরী মিশিয়ে তোমায় করেছি রচনা, তুমি আমারই, তুমি আমারই, মম জীবন বিহারী। মনে পড়ে আমার বাবার কথা, ছোট ছিলাম যখন, মনে পড়ে তাঁর গলায় ভেসে উঠল রবীন্দ্রনাথের গানের লাইন— বসন্ত ফুল গাঁথল আমার জয়ের মালা, রইল প্রাণ দক্ষিণ হাওয়ায় আগুন জ্বালা। এভাবে সবার মাঝে যুগের পর যুগ ধরে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, থাকবেন।
শৈশবকালের কবিতা মানেই রবীন্দ্রনাথের কবিতা। তার বিখ্যাত কবিতা বীরপুরুষ ছোটদের মনে সুন্দর স্বপ্নের কল্পনায় নিয়ে যায়। মাঝি কবিতায় আমার যেতে ইচ্ছে করে নদীতীর ওই পারে, যেথায় ধারে ডিঙি নৌকা বাঁধা সারি সারি। ছুটি কবিতায় দেখা যায় ছুটির সাথে প্রকৃতির সৌন্দর্য ও ছেলেমেয়েদের চোখে ধরা পড়েছে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ও অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে ১৪০০ সাল একটি— এখানে ভবিষ্যৎ প্রজন্মের কৌতূহলী মানুষের সঙ্গে রবীন্দ্রনাথ অতীতের কবি-হৃদয়ের সংযোগ স্থাপন করতে চেয়েছেন। তার কবিতা ও সঙ্গীতের মাঝে বিভিন্ন ঋতুকে বড় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তার গান, তার সাহিত্য, তার আদর্শ, সংস্কৃতি— এসব কিছু নিয়ে যেন আমাদের ভবিষ্যৎ সংস্কৃতিকে আরও আধুনিক ও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, এই প্রত্যাশা। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ১৮৬১ খ্রিস্টাব্দে জন্ম নেন এবং ৭ই আগস্ট মৃত্যুবরণ করেন। তার জীবন থেকে আমরা প্রকৃত প্রেম শিখেছি। সত্য ও সুন্দরের পথে চলতে শিখেছি। মানুষের মনস্তাত্ত্বিক চিন্তা ও চেতনা নিয়ে ভাবতে শিখেছি। তিনি আমাদের মাঝে বিস্ময় হয়ে থাকবেন।
‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।
তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।’
— রবীন্দ্রনাথ ঠাকুর

তানজিমা মাহমুদ