শ্লীলতাহানির অভিযোগ, রাসিক কাউন্সিলর আ.লীগ থেকে বহিষ্কার
নারীর শ্লীলতাহানিসহ নানা অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল মঙ্গলবার রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরমান আলীকে দল থেকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়। একই সঙ্গে তাঁকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে সম্পর্কে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার, দলের ভাবমূর্তি নষ্ট, বেআইনি কার্যকলাপ ও নারীর শ্লীলতাহানির অভিযোগে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদসহ দল থেকে আরমান আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে রাসিকের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ।
নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাসিকের নারী কাউন্সিলর শাহানাজ বেগম শিখা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, সহসভাপতি বুলবুলি রানী, সহসভাপতি আবেদা রায়হান বুলি, লিগ্যাল এইডের সদস্য হেলেন খান, নির্বাহী সদস্য নুরুন্নাহার বেগম, নির্বাহী সদস্য রেহেনা বেগম, ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদা ইয়াসমিন, রেবেকা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১০ নভেম্বর ২৪ নম্বর ওয়ার্ডের এক নারী বাসিন্দা প্রতিবেশীর বিচারের জন্য কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ে যান। কার্যালয়ে যাওয়ার পর কাউন্সিলর তাঁর কোনো কথা না শুনেই তাঁকে বিভিন্নভাবে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে তাঁকে জোর করে চেয়ারে বসিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, শুধু ওই নারীই নয়, যে কোনো নারী ওই কাউন্সিলরের কাছে গেলে তিনি খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই আরমান বিভিন্ন কর্মকাণ্ড করে বিতর্কিত হয়েছেন। মহিলা পরিষদ থেকে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি পরিষদের নেতৃবৃন্দকে সময় দেননি।
যোগাযোগ করা হলে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী মহিলা পরিষদের অভিযোগ অস্বীকার করেছেন। দল থেকে সাময়িক বহিষ্কারের ব্যাপারে তিনি বলেন, দলের একটি অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যথাসময়ে তিনি কারণ দর্শানোর উত্তর দেবেন বলে জানান।

শ. ম সাজু, রাজশাহী