হুমায়ুন কবিরের জামিনের বিষয়ে আরও বক্তব্য শুনবেন আদালত
জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন সংক্রান্ত বিষয়ে আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (২১ মে) প্রসিকিউশনের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।
আজ সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুম। তিনি প্রসিকিউশনের জামিন বাতিলের আবেদন খারিজের প্রার্থনাও জানান।
প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ বিষয়ে চিফ প্রসিকিউটর শুনানি করবেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। পরে আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে, গত ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন। গত ৪ মে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ। এ ছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা সংক্রান্ত আরও দুটি নথি জমা দেওয়া হয়।
লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২ মার্চ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-২। যদিও চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক