মেহেরপুরে বাড়ির গেটে বোমা সদৃশ বস্তু ও চিরকুট
মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে জেলার বিভিন্ন স্থানে একাধিকবার এমন রহস্যজনক বস্তু উদ্ধারের পর নতুন এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার (২০ মে) সকালে গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমের বড় ভাই আতিকুর রহমান হানিফের বাড়ির সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করে পুলিশ। আতিকুর রহমান হানিফ ওই গ্রামের সদরপাড়ার বড় মসজিদপাড়া এলাকার রিয়াজ উদ্দিন মণ্ডলের (ইজোদ্দি মণ্ডল) ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হানিফের বাড়ির মূল ফটকের (মেইন গেট) সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কৌতুহলী হয়ে ব্যাগ খুলে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি নিজেদের হেফাজতে নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
গত কয়েক মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় একাধিকবার বোমা সদৃশ বস্তু, চিরকুট ও রহস্যজনক প্যাকেট উদ্ধারের ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়াতে এই পথ বেছে নেওয়া হলেও, পরবর্তীতে তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে কিছু ক্ষেত্রে এগুলোতে কোনো বিস্ফোরক না থাকার তথ্য পাওয়া গেছে। তবে মেহেরপুরে একের পর এক এমন ধারাবাহিক ঘটনায় সাধারণ জনমনে উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা বেড়েই চলেছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর