ঈদের দিন বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস
আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে যাচ্ছে। এই দিন আনন্দ উৎসবে বৃষ্টি কোনো বাধা তৈরি করবে কিনা, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের কৌতূহল তৈরি হয়। এই পরিস্থিতিতে ঈদের দিনের আবহাওয়ার একটি প্রাথমিক বার্তা পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহের মিশ্র আবহাওয়া বিরাজ করছে। ফলে ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকার সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষ সপ্তাহের এই সময়ে লঘুচাপ ও মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে দেশের দক্ষিণাঞ্চলসহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের বেগ বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন (২১ ও ২২ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (২৩ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ দিনও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
তবে চতুর্থ ও পঞ্চম দিন (২৪ ও ২৫ মে) বৃষ্টিপাতের পরিধি কিছুটা কমে আসবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ১২০ ঘণ্টার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর পরবর্তী ৫ দিনে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
সেই হিসেবে ঈদের ঠিক আগমুহূর্ত থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পাবে। যার ধারাবাহিকতা ঈদের দিন অর্থাৎ ২৮ মে পর্যন্ত বজায় থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক