ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।
নাবিল বিন কাশেম বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তাই আগামীকাল থেকে চলমান কর্মবিরতি ও আন্দোলন সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হলো।
এর আগে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এ কারণে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
স্বাস্থ্য সচিব বলেন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা নবম গ্রেডের বেসিক বেতনের সমপরিমাণ, অর্থাৎ ২২ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে ২০ হাজার টাকা। একই সঙ্গে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের কোনো ধরনের ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কামরুজ্জামান চৌধুরী আরও বলেন, সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। এ ছাড়া এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী মাসিক ভাতা পাবেন এবং এ ভাতা নিয়মিতভাবে প্রতি মাসে পরিশোধ করা হবে।
স্বাস্থ্য সচিব বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া অনুসরণ করে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক