এনটিভির সাবেক ফেনী প্রতিনিধি ওছমান হারুন আর নেই
ফেনীর প্রবীণ সাংবাদিক, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (৯ জুন) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আজ ভোর সাড়ে ৪টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা নামাজ আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ফেনীর সাংবাদিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী