সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানাহীন মিশন আচার্য
অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন স্থায়ী বসতভিটা না থাকা মিশন আচার্য। এ বিষয়ে আজ রোববার (৪ অক্টোবর) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বরাবর ডিও লেটার (আধা-সরকারি পত্র) দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্থায়ী বসতভিটা না থাকায় ঝিনাইদহ সদর উপজেলার চাকরি প্রার্থী মিশন আচার্য নিয়োগপত্র হাতে পাননি। এ খবরে ব্যাপক আলোচনা শুরু হয় জেলাজুড়ে। অবশেষে রাশেদ খান নিজে উদ্যোগী হয়ে শিক্ষামন্ত্রী বরাবর ডিও লেটার দেন এবং আজ দুপুর ২টায় মিশন আচার্যকে সঙ্গে নিয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেন। তখন শিক্ষামন্ত্রী তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কল করে মিশন আচার্যের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার নির্দেশনা দেন।
মিশন আচার্য শহরের কলাবাগান এলাকায় জন্মের পর থেকে বসবাস করছেন বলে ডিও লেটারে উল্লেখ করেন রাশেদ খান।
ছোটবেলা থেকে মিশন আচার্যকে তার গর্ভধারিণী মা অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন।
এদিকে, মিশন নিয়োগ পাচ্ছেন—এমন খবর বিকেলে ছড়িয়ে পড়লে দরিদ্র পরিবারটির মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ রাশেদ খানের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

মিজানুর রহমান, ঝিনাইদহ