রাকসু নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। আজ রোববার বিকেল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেটের সাবেক ছাত্র প্রতিনিধি সাদাকাত হোসেন বাবুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ রাকসু প্রায় ২৭ বছর ধরে অচল। রাকসু নির্বাচন না দিয়ে শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির জন্য রাকসু নির্বাচন দরকার। এ জন্য সবার আগে অনূকুল পরিবেশ সৃষ্টি করতে হবে।’
ছাত্র সংসদ নির্বাচনের জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে সমন্বয় গড়ে তোলার কথা বললেন রাকসুর সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, ‘রাকসু নির্বাচনের জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। এজন্য একটি কেন্দ্র থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। যেন আন্দোলনের রেশ দেশজুড়ে ছড়িয়ে যেতে পারে। এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আত্মমর্যাদা বজায় রাখতে চান, তাহলে তাদের অবশ্যই রাকসুর দাবি জানাতে হবে। কেউ যদি শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে দাঁড়ান, রাকসুর মাধ্যমেই এর প্রতিরোধ করা সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবির-উল-ইসলাম কিঞ্জল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তমাশ্রী দাস।
গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক মুরাদ মোরশেদ, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লও অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের শতাধিক নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

রাবি সংবাদদাতা