সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় দেশটির শান্তিতে নোবেলবিজয়ী নেতা অং সান সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরাকান রাজ্যে গণহত্যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নির্যাতন বন্ধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন শক্তির হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা। মিয়ানমার সরকার মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশে দেশটির দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
এ সময় বক্তরা আরো বলেন, অং সান সু চি কোনো ভাবেই নোবেল পাওয়া যোগ্য নন। কেন না তিনি শান্তি প্রতিষ্ঠায় অক্ষম। তাই নোবেল শান্তি পুরস্কার তাঁর হাতে মানায় না। নোবেল কমিটির উচিত যতদ্রুত সম্ভব সুচির পুরস্কার ফিরিয়ে নেওয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের মুসলিমদের ওপর গণহত্যা চললেও আন্তর্জাতিক মহল এখন নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘ কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বাংলাদেশকে সীমান্ত খুলে দিতে বলছে। এটা ন্যক্কারজনক।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফ হাসান মনির। দাবিগুলো হলো, রোহিঙ্গাদের নাগরিকদের অধিকার ফিরে দিতে হবে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে এবং গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সংহতি জানায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি এম এম মুজাহিদ অনিক ও ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিনসহ অনেকেই।

জবি সংবাদদাতা