বিয়ে করলেন মডেল আসিফ
জনপ্রিয় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান বিয়ে করেছেন। গত ৭ আগস্ট হঠাৎ করেই তিনি বিয়ে করেন কানাডাপ্রবাসী শামীমা আক্তার অর্নিকে। কিন্তু প্রায় এক মাস বিষয়টি কাউকেই জানাননি আসিফ। গতকাল ফেসবুকে বিয়ের একটা ছবি আপলোড দিয়ে তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী সঙ্গে। আমি তাঁকে গ্রহণ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
এনটিভি অনলাইনকে আসিফ বলেন, ‘আমাদের সকালে আকদ হয়েছিল এবং দুপুরেই আমরা বিয়ে করি। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের দুই পরিবারের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা ঢাকার একটা রেস্তোরাঁয় আমরা করেছি।’
আসিফ বলেন, ‘অর্নি পেশায় একজন নার্স। কানাডার এক হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন অর্নি। এর পাশাপাশি ও মনোবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করছেন। আপাতত অর্নি কানাডা ও বাংলাদেশ আসা-যাওয়া মধ্যেই থাকবে। আগামী বছর আমরা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব। তখন সবাইকে জানিয়েই আয়োজন করব।’
বিয়ে হঠাৎ করে করার কারণ জানতে চাইলে আসিফ বলেন, ‘অর্নির সঙ্গে আমার পরিচয় এক বছর ধরে। আমার এক বন্ধুর মাধ্যমে অর্নির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তারপর একে অপরকে আমরা ভালোভাবে জানি। তবে এত দ্রুত বিয়ে করব এটা পরিকল্পনার বাইরে ছিল। পারিবারিক সম্মতিতে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নাইস নূর