আপনার জিজ্ঞাসা
আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৯৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে চট্টগ্রাম থেকে আজিজ আল মামুন জানতে চেয়েছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি?
উত্তর : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো বাধা নেই। কারণ, আপনি তো আয়নার দিকে তাকাবেন না। আপনি তাকাবেন সিজদার দিকে। আপনার দৃষ্টি থাকবে সিজদার দিকে। কোনো ব্যক্তি সালাতে যখন দাঁড়ায়, তখন তার দৃষ্টি থাকতে হবে সিজদার দিকে। সুতরাং, আপনি আয়নার সামনে দাঁড়ান কিংবা অন্যকিছুর সামনে দাঁড়ান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নামাজ তো কোনো দিকে তাকানোর জন্য নয়। নামাজ হলো আল্লাহর ইবাদত। ইবাদতের প্রতিটি প্রদক্ষেপ নির্দিষ্ট। তাই এটিকে নির্দিষ্ট রাখতে হবে। আপনার নজর থাকবে শুধু সিজদার দিকে। অনেকেই দেখা যায় সালাত আদায়ের সময় বিভিন্ন দিকে তাকান। যদি এভাবে বিভিন্ন দিকে তাকান, তাহলে সালাতে মনোযোগ থাকবে না। অনেকেই অভিযোগ করে, সালাতে মনোযোগ নেই। দৃষ্টি ঠিক না রাখাও এই মনোযোগ না থাকার অন্যতম কারণ। তাই আমাদের উচিত, সালাতে দৃষ্টি ঠিক রাখা।

এনটিভি অনলাইন ডেস্ক