আপনার জিজ্ঞাসা
গায়ে হলুদের অনুষ্ঠান করা কি ঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, গায়ে হলুদের অনুষ্ঠান করা কি ঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়ের আগের দিনের যে অনুষ্ঠানকে আমরা হলুদের অনুষ্ঠান বলি, সেটি করা কি পাপ হবে? এ ছাড়া ওই অনুষ্ঠানে না গিয়ে বিভিন্ন জিনিস পাঠানোও কি উচিত?
উত্তর : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটি একটি সামাজিক প্রচলনের অনুষ্ঠান। এটি অনেক বিস্তারিত আলোচনার দাবিদার। প্রথম কথা হচ্ছে, গায়ে হলুদ নামের যে অনুষ্ঠান হয়, সেটি ইসলামি সংস্কৃতির সঙ্গে এক নয়। সুতরাং, আমাদের চেষ্টা করতে হবে, এ ধরনের রীতি থেকে যেন বের হতে পারি। দ্বিতীয়ত, এসব অনুষ্ঠানে যদি বেহায়াপনা থাকে, যেমন—নাচ, গান-বাজনা, অশালীনতা, সেখানে অংশ নেওয়া, সহযোগিতা করা হারাম। সেখানে যাওয়াও জায়েজ নেই। তৃতীয়ত, এসব অনুষ্ঠান যদি ব্যাপকভাবে বড় করে করা হয়ে থাকে, তাহলে সেসব আয়োজনে কিছু দিয়ে অংশ নেওয়া আপনার জন্য উত্তম নয়। তবে সামাজিক কারণে যদি আপনার কিছু দিয়ে সহযোগিতা করতেই হয়, তাহলে শুধু সেটুকু দিয়েই নিজেকে দূরে রাখাটা উত্তম।

এনটিভি অনলাইন ডেস্ক