আপনার জিজ্ঞাসা
মৃত বাবার জন্য কী কী সদকা দেব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৮০তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, মৃত বাবার জন্য কী কী সদকা দেব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার পিতা মারা গেছেন। আমার মা ও আমরা দুই ভাই বেঁচে আছি। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের বাবার জন্য কী কী সদকা জারিয়া করতে পারি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার বাবার জন্য একাধিক সদকার দরকার নেই। আপনি একটা সদকা জারিয়া করেন। একটা ভালো সদকা জারিয়া করেন। অনেকগুলো দরকার নেই। একটা করবেন, যেটা স্থায়ীভাবে হবে, যেখান থেকে আপনার বাবা নিয়মিত দোয়া পাবেন। তিনি দীর্ঘ সময় উপকৃত হবেন। দীর্ঘ সময় সেটি অব্যাহত থাকবে। এ ধরনের সদকা জারিয়া করবেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে দিতে পারেন, যেটা স্থায়ীভাবে থাকবে। একটা বড় ধরনের ইসলামি দাওয়াতের সেন্টার করে দেবেন, যেটা থেকে তিনি নিয়মিত সওয়াব পাবেন। এখানে ভালো কাজ সব সময় অব্যাহত থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক