আপনার জিজ্ঞাসা
একাধিকবার গোসল করলে কি রোজার ক্ষতি হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের আপনার জিজ্ঞাসার বিশেষ প্রথম পর্বে তিন-চারবার গোসল করলে রোজার কোনো ক্ষতি হবে কি না, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মহিউদ্দিন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : রমজান মাসে রোজা থাকা অবস্থায় তিন-চারবার গোসল দিলে কি রোজার কোনো ক্ষতি হবে?
উত্তর : না, সিয়ামের কোনো ক্ষতি হবে না। কারণ সিয়াম ভঙ্গকারী বা সিয়াম মাকরুহ হওয়ার যে কারণগুলো আছে, তার মধ্যে গোসল করা নেই। গোসল করা কখনো কখনো উত্তমও হতে পারে। আবার অসুস্থ ব্যক্তির জন্য গোসল করা ক্ষতির কারণও হতে পারে। এ ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যবস্থাপনা থাকা দরকার।
একজন যদি চারবার গোসল করেন, এর কারণে তিনি ক্ষতিগ্রস্ত হতেও পারেন। তাই বিষয়টি নির্ভর করছে গোসল করলে কোনো অসুবিধা আছে কি না, তার ওপর। তবে এতে সিয়ামের কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ।

অনলাইন ডেস্ক