১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল রয়েল ফুটওয়্যার
পুঁজিবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে রয়েল ফুটওয়্যার পিএলসি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রয়েল ফুটওয়্যার শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা জুতা বিক্রেতা প্রতিষ্ঠান রোসের কাছে জুতা সরবরাহ করেছে রয়েল ফুটওয়্যার। কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের এক কোটি ২০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং আন্ডার রাইটার হিসেবে দায়িত্ব পালন করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং শেয়ার ইস্যু-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করবে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন মতে, গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৫ টাকা ৭৪ পয়সা। এছাড়া অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় ছিল ৮২ পয়সা।

নিজস্ব প্রতিবেদক