সূচকসহ ডিএসইতে বেড়েছে লেনদেনও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ দশমিক ১৯ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল মঙ্গলবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ২৮৭ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৬৯৯ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। পরে সূচকটির উত্থান কমে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ২৬ দশমিক ১৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫০ দশমিক ৪৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১০৮ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১০২ দশমিক ৪৯ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৬৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৭ হাজার ৪৭৬ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৮৫ হাজার ১৮৯ কোটি ২৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১৩০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৭ কোটি ছয় লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২২ কোটি ১৬ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২১ কোটি ২৭ লাখ টাকা, সসায়হাম টেক্সটাইলের ২০ কোটি ৯৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ২৩ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ২৭ লাখ টাকা এবং নিটল ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচুয়ার ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ২৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সমতা লেদারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ১৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক