‘জিতলে নিশ্চয়ই খুশিতে ঘুম হবে না’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বলে কথা। আগামীকাল রোববার শুরু হতে যাওয়া এই টেস্টের একাদশ নির্বাচন বেশ কঠিনই কোচ ও অধিনায়কের জন্য। ১৪ জনের মধ্য থেকে তিনজনকে বাদ দিতে হবে, আর তা করতে গিয়েই রাতের ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। টুইট করে তা জানিয়েছেনও তিনি। তবে স্মিথদের বিপক্ষে সাফল্য পেলে কোচ নিশ্চয়ই খুশিতে ঘুমাতে পারবেন না বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুর টুইট প্রসঙ্গ উঠে এসেছে। এ ব্যাপারে মুশফিক বলেন, ‘প্রথমত সোশ্যাল মিডিয়া খুব কমই ফলো করে থাকি আমি। আর ভোর ৪টায় তো অসম্ভব। অবশ্য ১৪ জন সেরা খেলোয়াড় থেকে ১১ জন বাছাই করা সত্যিই কঠিন। কোচ-অধিনায়কের জন্য এমন সমস্যা হতেই পারে।’
বাংলাদেশের ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা ভালো দিক যে আমাদের এই দলে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছেন। তাই এই টেস্টে আমরা ভালো খেলতে পারলে এবং ম্যাচে যদি জিততে পারি, তাহলে সে খুশিতে নিশ্চয়ই ঘুম হবে না তাঁর (হাথুরুসিংহে)।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল রোববার সকাল ১০টায়। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪-৮ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রীড়া প্রতিবেদক