ভারতের দিকে ঝুঁকছেন হিথ স্ট্রিক?
২০১৪ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন হিথ স্ট্রিক। গত দুই বছরে বাংলাদেশের পেসারদের দারুণ উন্নতি দেখে এ চুক্তির মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনাও করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু স্ট্রিক এখন নাকি ঝুঁকছেন ভারতের দিকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানে বোলিং কোচ হিসেবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই পেসার।
স্ট্রিক বর্তমানে পালন করছেন আইপিএলের দল গুজরাট লায়নসের বোলিং কোচের দায়িত্ব। আইপিএল শেষ হওয়ার পর আবার বাংলাদেশে ফেরার কথা স্ট্রিকের। তবে তিনি নাকি এখন ভারতেই পাকাপাকিভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করছেন। দ্য হিন্দুর একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রিক ভারতের পেসারদের নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) সভাপতি নিরঞ্জন শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরিকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘আইপিএলের একটি ম্যাচ চলার সময় আমি হিথ স্ট্রিকের সঙ্গে দেখা করেছি। আর সে সময় তিনি এনসিএর সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। তিনি খুবই উঁচু মানের ক্রিকেটার। আর তাঁকে বোলিং কোচ হিসেবে পেলে এনসিএ খুবই লাভবান হবে।’ এজেন্ট টম হারউডের মাধ্যমে নিজের ক্যারিয়ার বৃত্তান্ত ও আবেদনপত্রও নাকি এনসিএর কাছে পাঠিয়ে দিয়েছেন স্ট্রিক।
২০১৪ সালে স্ট্রিককে বোলিং কোচ হিসেবে পাওয়ায় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনও খুব লাভবান হয়েছিল। অনেক প্রতিশ্রুতিশীল হয়ে উঠেছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের মতো পেসাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে স্ট্রিকের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে।

স্পোর্টস ডেস্ক