মেসিকে ছাড়াই সহজ জয় আর্জেন্টিনার
বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারিয়েছে আর্জেন্টিনা। আজ রোববার (৭ জুন) লিওনেল মেসিকে ছাড়াই ২-০ গোলের জয় তুলে নিয়েছে দলটি।
ম্যাচের প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর পায়ে। দূরপাল্লার তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। সেই আক্রমণ থেকেই আসে প্রথম গোলের সুযোগ।
লো সেলসোর সেই শট ক্রসবারে লেগে ফিরে আসলে সেই বল সংগ্রহ করে বক্সে ঢুকতে গেলে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিক নিতে আসেন লাউতারো মার্তিনেজ। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপালেও নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। গোলের পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে। পরবর্তীতে আরো কয়েকজনকে সুযোগ দেন তিনি।
ম্যাচের ৫৫ মিনিটে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। বক্সের ভেতরে বল পেয়ে লাউতারো মার্তিনেজ অসাধারণ এক ব্যাকহিল পাস দেন। সেই পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান জুলিয়ানো সিমিওনে। তরুণ এই ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এটিই শেষ পর্যন্ত ফাইনাল ফলাফল হয়ে থাকে।

স্পোর্টস ডেস্ক