দ. আফ্রিকায় ইতিহাস গড়লেন হৃদয়
পচেফস্ট্রুমের মাঠ হৃদয়ের জন্য বেশ পরিচিতই। এই মাঠেই এর আগে ইতিহাস গড়েছিলেন তিনি। ৬ বছর পর আবারো সেই মাঠে ফিরে গেলেন তিনি। আবারও লিখলেন নতুন একটি ইতিহাস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইতিহাস গড়া ইনিংস খেলার পথে দলকেও বিপদ থেকে উদ্ধার করেছেন তাওহিদ হৃদয়।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ যখণ ধুঁকছিল, তখনই ব্যাট হাতে দায়িত্ব তুলে নেন হৃদয়। বাকিরা ইতিহাস গড়ার কাছে গিয়ে ফিরলেও হৃদয় নিজের নাম তুলেছেন ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন হৃদয়।
হৃদয়ের ব্যাটে ভর করেই স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ড্রয়ের পথে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ১৩৯.৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৪৭১ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৪১ রানে। ৩৩৯ বল খেলে হৃদয় অপরাজিত আছেন ২০৪ রানে।
৪ উইকেটে হারিয়ে ২০১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। হৃদয় অপরাজিত ছিলেন ৭৫ রানে। হৃদয়কে সঙ্গ দিতে নেমে ইতিহাস গড়ার কাছে ছিলেন জাকের আলী অনিকও। সেঞ্চুরির কাছে গিয়ে তিনি ফিরেছেন নার্ভাস নাইন্টিতে গিয়ে। ১৬৮ বলে ৯৪ রান করে আউট হন জাকের।
এরপর ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনিও সেঞ্চুরির আশা দেখছিলেন। তবে সেই আশা পূর্ণ করতে পারেননি সাইফও। ১৭১ বল খেলে তিনি ফিরেছেন ৮৭ রানে। সাইফউদ্দিন ফিরলেই তৃতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।
সাইফউদ্দিন ফেরার আগেই অবশ্য নিজের নামটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে ফেলেন হৃদয়। দিনের শুরুর দিকে করা সেঞ্চুরিকে রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। প্রথম বাংলাদেশি হিসেবে প্রোটিয়াদের মাটিতে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মাহমুদুল হাসান জয়ের দখলে। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রান করেছিলেন জয়। এবার সেই রেকর্ড পেছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন হৃদয়।

স্পোর্টস ডেস্ক