আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে শঙ্কা
মেসিবিহীন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে। চলমান ফিফা উইন্ডোতে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ম্যাচের মাত্র ২৪ ঘন্টারও কম সময় বাকি থাকলেও ম্যাচটি আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
বাংলাদেশ সময় অনুযায়ী আগামী রোববার ভোর ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। অথচ যে বিশেষ চার্টার্ড বিমানে চড়ে বুরকিনা ফাসো দলের নির্ধারিত সময়ে বুয়েনস আইরেসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই বিমানটি এখনো মরক্কো থেকেই আকাশে ডানা মেলতে পারেনি।
পূর্বনির্ধারিত ভ্রমণসূচি অনুযায়ী, গত মঙ্গলবারই আর্জেন্টিনায় পা রাখার কথা ছিল বুরকিনা ফাসো দলের। কিন্তু যাতায়াত ব্যবস্থাপনায় মারাত্মক বিপত্তি দেখা দেওয়ায় শেষ পর্যন্ত দলটি মরক্কোর কাসাব্লাঙ্কাতেই আটকা পড়ে যায়।
গত শুক্রবার বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বিমান চলাচলের দায়িত্বে থাকা চার্টার্ড কোম্পানিটি কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই তাদের নির্ধারিত ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে।
বিবৃতিতে এফবিএফ আরও জানায়, চার্টার্ড বিমান সংস্থার এই হুট করে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত ৩০ সেপ্টেম্বরের পুরো ভ্রমণ পরিকল্পনাটিকে এলোমেলো করে দিয়েছে। যার কারণে বাধ্য হয়ে পুরো দলের যাতায়াতসূচি এখন নতুন করে সাজাতে হচ্ছে।
এদিকে বুয়েনস আইরেসে দলের নিরাপদ পৌঁছানো নিশ্চিত করতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, ফুটবল ফেডারেশন এবং মরক্কোয় নিযুক্ত বুরকিনা ফাসোর দূতাবাস যৌথভাবে কাজ করছে। তারা দ্রুত বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করার জন্য তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে বিকল্প উপায়ে যাতায়াতের চেষ্টা করা হলেও দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি এবং হাতে পর্যাপ্ত সময় না থাকায় ফুটবলারদের মনে কিছুটা সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এই সংকটময় পরিস্থিতি দ্রুত সামাল দিতে এবং নির্ধারিত ম্যাচে দলের অংশগ্রহণ যেকোনো মূল্যে নিশ্চিত করতে বুরকিনা ফাসোর ক্রীড়ামন্ত্রী, এফবিএফ সভাপতি ও সে দেশের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

স্পোর্টস ডেস্ক