প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
প্রথম টেস্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং– তিন বিভাগেই নিজেদের সামর্থ্যের পুরোটা মেলে ধরতে ব্যর্থ হয়েছে দলটি। বিশেষ করে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। প্রতিপক্ষের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। ফলে চার দিনের মাথায় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় দলকে। প্রথম টেস্টের ব্যর্থতা পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।
প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া করাও দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। টেস্ট ক্রিকেটের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফরম্যাটে এমন ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। তবে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে কঠোর পরিশ্রমের পরও ম্যাচে তার প্রতিফলন ঘটাতে না পারাটাই এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের প্রধান কোচ। সেখানে প্রথম টেস্টের ব্যর্থতা, ব্যাটারদের পারফরম্যান্স, একাদশের সমন্বয়, স্পিনারদের ভূমিকা, উইকেটের আচরণ ও দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে কোচ বলেন, ‘হ্যাঁ, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে আমাদের ব্যর্থতা ছিল। তবে আগে আমরা দেখিয়েছি, দৃঢ় সংকল্প নিয়ে ব্যাটিং করলে আমরা কী করতে পারি। কিন্তু এরপর থেকে খেলা ফরম্যাটগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমার কাছে উইকেট ভালো মনে হচ্ছে। গত বছর পাকিস্তানে কিংবা এ বছর সেখানে যে উইকেট দেখেছি, এটির সঙ্গে সেগুলোর মিল রয়েছে।’
অনুশীলনে ভালো প্রস্তুতি নেওয়ার পরও ম্যাচে কেন তার প্রতিফলন ঘটছে না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় না, অনুশীলনের পারফরম্যান্স ম্যাচে ফিরিয়ে আনা খুব কঠিন। খেলোয়াড়রা ডারউইনের আগে যেভাবে এবং যে তীব্রতায় অনুশীলন করেছে, পাকিস্তান সফরের আগেও একইভাবে কঠোর পরিশ্রম করেছে। কিন্তু ম্যাচে সেটার প্রতিফলন ঘটেনি। আমাদের আবার সেই পর্যায়ে ফিরতে হবে, যেখানে অনুশীলনের পরিশ্রম ম্যাচেও কাজে লাগাতে পারব। শুধু মাঠের বাইরে কঠোর পরিশ্রম করলেই হবে না।’
ব্যাটিং কৌশল ও মানসিক দৃঢ়তাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন কোচ। তার মতে, ম্যাচ জিততে হলে ব্যাটারদের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে এবং পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একমত যে নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। প্রতিপক্ষ ভালো বোলিং করেছে, তবে এটাই টেস্ট ক্রিকেট। তারা ভালো বোলিং করতেই এসেছে। তাই আমাদের ব্যাটিংয়ের ধরন ও খেলার কৌশলে উন্নতি করতে হবে। তাদের বিপক্ষে কীভাবে খেলব, কীভাবে রান করব এবং কীভাবে রক্ষণাত্মক থাকব, সবকিছুতেই উন্নতি প্রয়োজন। প্রথম টেস্টে এসব জায়গায় আমরা ঠিকভাবে করতে পারিনি।’
দ্বিতীয় টেস্টের একাদশ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কোচ। নতুন করে স্কোয়াডে যোগ দেওয়া অমিতের খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। কোচ বলেন, ‘সবাই স্কোয়াডে আছে। অমিত নতুন করে স্কোয়াডে যোগ দিয়েছে। পরে আমরা বসে স্কোয়াডের পরিস্থিতি পর্যালোচনা করব। তবে ও আসার আগেই আমাদের একটি স্কোয়াড ছিল। সে একজন বদলি হিসেবে এসেছে। তাই তার খেলার সম্ভাবনা খুব বেশি নয়।’
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের প্রমাণ করতে হবে বলে মনে করেন কোচ। তিনি বলেন, ‘তার পরবর্তী কাজ হলো, পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটের মতো পারফরম্যান্স করা। দুই পর্যায়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটে সে নিজের কাজ ঠিকভাবেই করছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পেলে এখানেও নিজেকে প্রমাণ করতে হবে।’
অমিতের অন্তর্ভুক্তিতে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন কোচ। তার ভাষায়, ‘সম্ভবত ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে। অধিনায়ককে সম্ভবত তিন নম্বরে ব্যাট করতে হবে।’
দলের অন্যতম প্রধান স্পিনার তাইজুল ইসলাম । তার অফফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অবশ্যই অনেক উদ্বেগের বিষয়। কারণ সে আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। তাই তার পারফরম্যান্স নিয়ে চিন্তা থাকাটাই স্বাভাবিক। আমার মনে হয়, বিষয়টি নিয়ে সে নিজেও উদ্বিগ্ন। তার সঙ্গে আলোচনা করলে বোঝা যায়, বিষয়টি নিয়ে সে যেমন চিন্তিত, দলও তেমন চিন্তিত। কারণ সে আমাদের দলের অন্যতম বড় অস্ত্র।’
প্রথম টেস্টে স্পিনাররা প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে না পারলেও তাদের ওপর আস্থা হারাচ্ছে না দল। কোচ বলেন, ‘আমি খুব বেশি দলকে আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করতে দেখিনি। আমরা ভালো বোলিং করতে পারিনি এবং বিষয়টি বুঝতে পেরেছি। এ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে এমনটা সব সময় ঘটে না। স্পিনাররা আমাদের শক্তির জায়গা। এই মাঠে সর্বশেষ ম্যাচে শেষ দিনে তারাই আমাদের জিতিয়েছিল। তাই এখনো আমাদের স্পিনারদের ওপর অনেক আস্থা রয়েছে।’
প্রথম টেস্টে একাধিক ক্যাচ হাতছাড়া করার বিষয়টি নিয়েও কথা বলেছেন কোচ। তবে এটিকে দলের সামগ্রিক ফিল্ডিং দক্ষতার প্রতিফলন হিসেবে দেখতে নারাজ তিনি। কোচ বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ম্যাচে ক্যাচ পড়তেই পারে। আমি আমাদের চেয়ে ভালো ফিল্ডিং করা দলকেও একটি ম্যাচে একাধিক ক্যাচ ফেলতে দেখেছি। কিন্তু এর অর্থ এই নয় যে তারা খারাপ ফিল্ডিং দল। আমরাও নিয়মিত ক্যাচ নিচ্ছি। তবে ওই ম্যাচে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ফিল্ডিং করতে পারিনি। এই পর্যায়ের ক্রিকেটে এত বেশি ক্যাচ ফেলা উচিত নয়। তবে আমার মনে হয় না, আবার এমন ঘটনা ঘটবে।’
সবশেষে দলের ইনজুরি পরিস্থিতি নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন কোচ। পূর্ণ শক্তির দল নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। কোচের ভাষায়, ‘আমাদের স্কোয়াডে কোনো ইনজুরি নেই। তাই পূর্ণ শক্তির দল নিয়ে এই ম্যাচে নামতে আমরা আত্মবিশ্বাসী।’

স্পোর্টস ডেস্ক