ঈদে কমেছে বিমানের ভাড়া
ঈদ উপলক্ষে বিমানের ভাড়া কমেছে অভ্যন্তরীণ সকল রুটে। গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সকল অভ্যন্তরীণ রুটে ভাড়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে। যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় আগামী ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। হ্রাসকৃত ভাড়ার এই কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ঢাকা থেকে যে কোনো অভ্যন্তরীণ গন্তব্যে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে।
প্রতি শনিবার লন্ডন থেকে আসা ঢাকা থেকে সিলেট বিজি-৬০৭ ফ্লাইটে ট্যাক্সসহ দুই হাজার টাকায় ভ্রমণ করা যাবে। এ ছাড়া মঙ্গল,বৃহস্পতি এবং শনিবার বিজি ৬০৫ ফ্লাইটে ট্যাক্সসহ দুই হাজার ৫০০ টাকায় ভ্রমণ করা যাবে। অভ্যন্তরীণ গন্তব্যে ‘বিশেষ ঈদ অফার’ বিষয়ে বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট www.biman-airline.com জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিজস্ব সংবাদদাতা