ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ইপিএস বেড়েছে ২৯%
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৯ শতাংশ। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০৪ টাকা ৭০ পয়সা, যা এর আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮১ টাকা ১৪ পয়সা।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৪৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ নিয়ে এই হিসাব বছরে কোম্পানিটির লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫০ শতাংশ। এর মধ্যে অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে, যা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে।
আগামী ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও হোটেলের বলরুমে এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০৪ টাকা ৭০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯১ টাকা ৬ পয়সা।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে চূড়ান্ত ৬২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮১ টাকা ১৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৪৮ টাকা ৩৬ পয়সা।
আয় বাড়লেও ডিএসইতে আজ এ শেয়ারের দামে নিম্নগামী প্রবণতা দেখা গেছে। আগের দিন এর দাম ছিল দুই হাজার ৯৭৮ টাকা ৮০ পয়সা। সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৩১ দশমিক ৪৯।

অর্থনীতি ডেস্ক