ফের বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণ ভরিতে চার হাজার ১৮৮ টাকা বেড়েছে। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ আট হাজার ৪৭১ টাকায় বিক্রি হবে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ আট হাজার ৪৭১ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।
আজ মঙ্গলবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বেচাকেনা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক