রমজানের আগে খেজুর আমদানিতে বড় সুখবর
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নাগালের মধ্যে খেজুরের দাম রাখতে বড় ধরনের ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক প্রায় ৪০ শতাংশ কমানো হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. আল আমিন জানান, ধর্মপ্রাণ জনগণের চাহিদার কথা বিবেচনা করে এবং রমজানে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখতে সরকার গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শুল্ক হ্রাসের এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
গত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছিল। গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।
এনবিআর আশা করছে, আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে বাজারে খেজুরের সরবরাহ বাড়বে এবং আসন্ন রমজানে সাধারণ ভোক্তারা সাশ্রয়ী মূল্যে খেজুর কিনতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক