প্লাস্টিক ও প্যাকেজিং মেলা শুরু ২৮ জানুয়ারি
আগামী ২৮ জানুয়ারি থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) ১৮তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার শুরু হতে যাচ্ছে। চার দিনের এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের এ তথ্য জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ। এবারের মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
সংবাদ সম্মেলনের বক্তব্যে বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প বর্তমানে বাংলাদেশের শিল্পায়ন, রপ্তানি বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তৈরি পোশাক, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, ই-কমার্সসহ প্রায় সব উৎপাদন খাতে এই শিল্পের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আইপিএফ-২৬ কেবল একটি প্রদর্শনী নয়—এটি হবে প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনার এক অনন্য মিলনমেলা জানিয়ে সামিম আহমেদ বলেন, এই মেলার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক ও পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তির সঙ্গে স্থানীয় শিল্প উদ্যোক্তারা পরিচিত হতে পারবেন।
এই মেলা দেশের প্লাস্টিক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে, রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে বলে আশা প্রকাশ করেন সামিম আহমেদ। এ সময় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং দেশ-বিদেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিল্প সংশ্লিষ্ট সবাইকে আইপিএফ-২৬ মেলা পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান তিনি।
আয়োজকরা জানান, মেলায় থাকবে ৮০০টির বেশি স্টল, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্রান্ড অংশগ্রহণ করবে। চীন, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কোরিয়া, থাইল্যান্ডসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিজিএমইএ সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহেদ, সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সংগঠনটির সিনিয়র সহসভাপতি কে এম ইকবাল হোসেন, সহসভাপতি কাজী আনোয়ারুল হক, পরিচালক মো. ইয়াকুব ও পরিচালক এ টি এম সাঈদুর রহমান বুলবুলসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক