এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্য এনবিআর ওয়েবসাইটে প্রকাশ
আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ ও স্বচ্ছ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য এনবিআরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
আল আমিন শেখ জানান, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসের আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্যসংক্রান্ত তথ্য এনবিআরের অফিশিয়াল ওয়েবসাইটের পাবলিকেশন পোর্টালে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, এই তথ্য নিয়মিত প্রকাশের ফলে আন্তর্জাতিক বাজারের সাথে দেশীয় বাজারদরের তুলনা করা সহজ হবে। আমদানির প্রবণতা ও মৌসুমি পরিবর্তন বিশ্লেষণ করা গবেষকদের জন্য সুবিধাজনক হবে। এছাড়া বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ ও রপ্তানিমুখী শিল্পের সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে এই ডেটাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্য কাঠামো বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ী ও বিশ্লেষকদের নির্ভরযোগ্য তথ্যের চাহিদা মেটাতে এই ব্যবস্থা প্রতি মাসে অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক