ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের সভা স্থগিতের দাবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে পর্ষদ সভা স্থগিত চেয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) মতিঝিলে ব্যাংকটির কার্যালয়ে কাউন্সিলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ ও নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান। এমন মুহূর্তে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক অদ্য ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পর্ষদের এক জরুরি পর্ষদ সভা আহ্বান করা হয়। ক্রান্তিকালীন সময়ে জরুরি ভিত্তিতে এ ধরনের লাইসেন্স প্রদান বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
বর্তমানে ব্যাংক খাতের নাজুক পরিস্থিতিতে যেখানে সমস্যাগ্রস্ত কতিপয় ব্যাংক আমানতের সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান অর্থনীতির জন্য কতটুকু আবশ্যক তা পর্যালোচনার দাবি জানিয়ে গোলাম মোস্তফা আরও বলেন, নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে পর্ষদ সভা আহ্বান করার প্রতিবাদ জানিয়ে এটি স্থগিতকরণের জন্য গভর্নরের কাছে দাবি জানিয়েছে।
একইসঙ্গে যথাযথ মূল্যায়ন ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ ছাড়া চুক্তিবদ্ধ সব উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তার নিয়োগ বাতিল করতে হবে বলেও দাবি জানান গোলাম মোস্তফা।

নিজস্ব প্রতিবেদক