২১ দিনে প্রবাসীরা পাঠালেন ২৮ হাজার ১৫৯ কোটি টাকা
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৩০ কোটি ৮১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৮ হাজার ১৫৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৮০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি দুই লাখ ৩০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪১ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ১৯ লাখ পাঁচ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার ও জনতা ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ১১ লাখ ৯০ হাজার এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আলোচিত এই ২১ দিনে দেশি-বিদেশি আটটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, আল-ফালাহ, হাবিব ব্যাংক, এইচএসবিসি, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

নিজস্ব প্রতিবেদক