বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
বাংলাদেশ ব্যাংকের চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের তথ্যমতে, এখন থেকে পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন, পরিচালক মো. শহীদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন, পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন), পরিচালক গাজী মো. মাহফুজুর ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন ।
এ ছাড়া অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হন।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্ট'স অর্ডার নম্বর ১২৭ অব ১৯৭২) এর ১০(৫) অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে এ সেক্টরে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক