রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা
সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (৩ মার্চ) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঋণের অর্থ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কেবল গত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা বিশ্লেষণ করে এই মেয়াদি ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে ঋণের পরিমাণ কোনোভাবেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না।
সার্কুলারে জানানো হয়, যেসব শিল্পপ্রতিষ্ঠান তাদের মোট উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ রপ্তানি করে এবং যারা গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস শ্রমিকদের বেতন পরিশোধ করেছে, তারাই কেবল সচল রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে এই ঋণ পাওয়ার যোগ্য হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন–যেমন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলো সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীর নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি ফেব্রুয়ারির বেতন-ভাতার অর্থ জমা দেবে। এই ঋণ তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ এক বছরের মধ্যে সমান মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। নিয়মিত সুদ ছাড়া এই ঋণের ওপর অতিরিক্ত কোনো ফি, চার্জ বা মুনাফা আরোপ করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক