প্রেরণায় উজ্জ্বল, অর্জনে অদম্য—চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’
সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার নারীকে দেওয়া হয়েছে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’-র উদ্যোগে আয়োজিত এই সম্মাননা কর্মসূচি এবার ২০ বছরে পদার্পণ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন এবং বিচারকমণ্ডলীর দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে চার কীর্তিমতীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
বিচারক প্যানেলে ছিলেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন এবং ডিক্যাস্টালিয়া লিমিটেডের পরিচালক সাবিলা ইনুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে “গিভ টু গেইন” থিমটি আমাদের কাছে একটি অঙ্গীকারের প্রতিফলন। নারীর প্রতি সম্মান ও স্বীকৃতি সমাজের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। একজন নারী এগিয়ে গেলে তার সঙ্গে এগিয়ে যায় পরিবার, কর্মক্ষেত্র এবং পুরো দেশ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিবি উইমেন’স উইংয়ের চেয়ারপারসন ও ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা এবং দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী দেওয়ান হানিফ মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজসহ স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’-র ২০ বছরের পথচলা তুলে ধরে একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। পরে নারীর ক্ষমতায়নে ‘রাঁধুনী’-র বিভিন্ন উদ্যোগ নিয়েও আরেকটি উপস্থাপনা দেখানো হয়। এ সময় শিল্পী জীবন রায় স্যান্ড আর্টের মাধ্যমে নারীর সম্ভাবনা ও সংগ্রামের প্রতীকী চিত্র তুলে ধরেন।
পুরস্কার প্রদান পর্বে অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় সামনে আনার জন্য ‘কীর্তিমতী সাংবাদিক’ সম্মাননা পান কাওসার সোহেলী। যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং ‘বঞ্চিতা’ নামে সংগঠন গড়ে তোলার জন্য ‘কীর্তিমতী হিতৈষী’ সম্মাননা পান নুর নাহার।
বহুমাত্রিক কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকার জন্য ‘কীর্তিমতী উদ্যোক্তা’ সম্মাননা পান মোছাঃ সুরাইয়া ফারহানা রেশমা। আর সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ঋতুপর্ণা চাকমা ‘কীর্তিমতী ক্রীড়াবিদ’ হিসেবে সম্মাননা লাভ করেন।
বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অতিথিরা।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটির ধারণকৃত অংশ ৮ মার্চ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

অর্থ-বাণিজ্য ডেস্ক