১৪ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৯০১ কোটি টাকা
মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি বছরের মার্চের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৬ হাজার ৯০১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত তিনদিন (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে তিন হাজার ৪৬৪ কোটি ৮০ লাখ টাকা। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬২ কোটি ৫০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১১ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক