ব্যাংক বিটের সাংবাদিকদের সংগঠন এবিআরের আত্মপ্রকাশ
ঢাকাস্থ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত ব্যাংক বিটের প্রতিবেদকদের নিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর) নামের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। নতুন এ সংগঠনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকরা এ সিদ্ধান্ত নেন। ব্যাংক বিটের সাংবাদিকদের বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনার জন্য এ সভা আহ্বান করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে ব্যাংক বিটের প্রতিবেদকদের পেশাগত উৎকর্ষ সাধন, প্রশিক্ষণ-সেমিনার আয়োজন, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করতে একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে এ সংগঠনের একটি আহ্বায়ক কমিটি গড়ে তোলার প্রস্তাব করেন। এ সময় তারা সংগঠনের কয়েকটি নাম প্রস্তব করেন এবং অধিকাংশ অংশগ্রহণকারীর মত অনুযায়ী অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর) নামটি চূড়ান্ত করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক-রিজভী নেওয়াজ (চ্যানেল আই) এবং সদস্য সচিব-শেখ আবু তালেব (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)। এতে সদস্য হিসেবে আছেন-রহিম শেখ (রূপালী বাংলাদেশ), শামসুল হুদা (ডেইলি অভজারভার), এম এম মাসুদ (মানবজমিন), মাসুম মিয়া (চ্যানেল ২৪), সেলিয়া সুলতানা (সময় টিভি), মরিয়ম সেঁজুতি (সিটিজেন জার্নাল), মোহাম্মদ আনিসুজ্জামান (এনটিভি অনলাইন), নাজমুল ইসলাম (জনকণ্ঠ) ও মিনা ফেরদৌস (চ্যানেল ওয়ান)।
সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ এজেন্সি ও অনলাইন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত ব্যাংক বিটের ২৪ জন প্রতিবেদক উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক