গুরুতর অসুস্থ আমানতকারী ১০ লাখ টাকার বেশি তুলতে লাগবে অনুমতি
সম্মিলিত ইসলামী ব্যাংকের কিডনি ডায়ালাইসিস বা অন্য কোনো গুরুতর অসুস্থ আমানতকারীদের সহায়তায় একীভূত হওয়া পাঁচ ব্যাংকগুলোর প্রশাসকদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত দেওয়ার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর চেয়ে বেশি টাকা তুলতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।
গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে জানিয়ে শাহরিয়ার সিদ্দিকী বলেন, কিডনি রোগী বা গুরুতর অসুস্থদের ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ের জন্য প্রয়োজন অনুযায়ী সীমাহীন টাকা উত্তোলনের সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়া অন্য যেকোনো অসুস্থতার ক্ষেত্রে ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত দেয়ার ক্ষমতা রাখেন। এর বেশি প্রয়োজন হলে সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদন করলে বাংলাদেশ ব্যাংক তা বিবেচনা করবে। এছাড়া আমানতকারী যদি বিদেশের উন্নত চিকিৎসার জন্য বড় অংকের অর্থের প্রয়োজন হয়, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে সেই সুবিধাও পাওয়া যাবে। কেউ যদি নির্ধারিত নিয়ম অনুযায়ী টাকা উত্তোলনে বাধার মুখে পড়েন, তাহলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করতে পারবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করতে এমডি ও চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, এখন আবেদন সংগ্রহ করে যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুত অনুমোদন দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক