কর কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান
রাজস্ব কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানালেন আবাসন খাতের সংগঠন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করে।
আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভার সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখা গেলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে উল্লেখ্য করে আব্দুর রাজ্জাক বলেন, একইসঙ্গে কর প্রশাসনের আধুনিকায়ন এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপরে জোর দেন।
আব্দুর রাজ্জাক বলেন, এনবিআরে রিহ্যাবের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব অনুযায়ী আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানো প্রয়োজন। সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, করদাতাদের জন্য সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা গেলে রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি বিনিয়োগবান্ধব পরিবেশও তৈরি হবে।
অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

নিজস্ব প্রতিবেদক