ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছে : মীর নাসির
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, আমরা ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছি। আমার মনে হয় বিগত দুই দশকেও এই অবস্থা ছিল না। আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় মীর নাসির হোসেন বলেন, এটা বলা যাবে না যে, বর্তমান সরকারের তিন মাসেই এই অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা নয়। একটা দির্ঘদিনের। আমরা দীর্ঘদিন গ্যাস সংকটে ভুগছি। গ্যাস সংকটে ৩০ থেকে ৪০ শতাংশ শিল্প প্রতিষ্ঠান তাদের লক্ষ্য অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এই কষ্ট তাদের বহন করতে হচ্ছে।
মীর নাসির হোসেন আরও বলেন, ব্যাংকের সুদের হার, আমরা যখন তিন থেকে চার বছর আগে প্রজেক্ট নিয়েছিলাম তখন আট থেকে নয় শতাংশ ছিল। এখন সেটি ১৪ শতাংশের কাছাকাছি, কোনো কোনো ক্ষেত্রে বেশি। এতো সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না, এটাই বাস্তবতা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এনটিভির আয়োজিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা সামনে রেখে উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরছেন তাদের ভাবনা।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে মীর নাসির হোসেন ছাড়াও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এবিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে এনটিভি, এনটিভি অনলাইন, এনটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

নিজস্ব প্রতিবেদক