কৃষিতে ভর্তুকি কোথায় যায়, কেউ জানে না : ড. শামসুল আলম
কনজ্যুমার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিশেষজ্ঞ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, কৃষি খাতে ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা। ভর্তুকির এই টাকা কোথায় যায়, কে পায়- তা বুঝতে পারি না।
আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে ড. এম শামসুল আলম এই কথা বলেন। তিনি বলেন, কৃষিতে ১৭ হাজার কোটি টাকা কীভাবে বেনিফিট পায় সেটা পরিকল্পনা কমিশনও বলতে পারবে না।
অধ্যাপক শামসুল আলম বলেন, আইনে বলা আছে, কৃষি বলতে মাছ চাষ থেকে সব কিছু। মাছও কৃষির মধ্যে পড়ে। তাহলে মাছ সেঁচের জন্য কেন শিল্প রেটে বিদ্যুৎ দিতে হবে? এটার জন্য হাইকোর্টে মামলা করতে হয়েছে। তিনি বলেন, মাছকে শিল্প বানানো হয়েছে।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম ছাড়াও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।

নিজস্ব প্রতিবেদক