দাম কমবে ইলেকট্রিক গাড়ির
পরিবেশ দূষণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইলেকট্রিক যানবাহন (EV) খাতে বড় ধরনের কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি এবং অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে ভ্যাট ছাড়া অন্যান্য সব শুল্ক-কর অব্যাহতির সুবিধা আগামী ৩০ জুন ২০৩০ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি (EV) আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৯৩ শতাংশ মোট করভার উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির করভার ৬৪ শতাংশ এবং ৫০,০০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের গাড়ির করভার ৮০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক