বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের ৭ উদ্যোগ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজ করতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অর্থমন্ত্রী জানান, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ব্যবসা শুরু ও পরিচালনার সময়, ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইনভিত্তিক সিঙ্গেল উইন্ডো ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
অনলাইন প্ল্যাটফর্মে আবেদন দাখিল হতে শুরু করে লাইসেন্স প্রদানের সকল প্রক্রিয়া সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থা মতামত, নাদাবি, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে সম্মতি আছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোম্পানি নিবন্ধন সেবার ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট ৭ দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা ১০ দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
বিনিয়োগকারীর আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প-সুবিধা প্যাকেজ চালু করা হবে, যাতে দ্রুত কারখানা স্থাপন ও উৎপাদন শুরু করা যায়।
বিদেশি কর্মীর নিরাপত্তা ছাড়পত্রের আবেদন ও যাচাই প্রক্রিয়া পৃথকভাবে অনলাইনভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক