স্বর্ণালংকার বিক্রি করলে দিতে হবে গেইন ট্যাক্স
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূলধনী আয় পরিগণনায় নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। এখন থেকে স্বর্ণালঙ্কার বিক্রি করলে দিতে হবে মূলধনী কর বা গেইন ট্যাক্স।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। নতুন প্রস্তাবিত বাজেট অনুসারে রিটার্নে উল্লেখিত স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন-হীরা, ধাতব মুদ্রা, ডিজিটাল মুদ্রা, চিত্রকর্ম, এন্টিকস বিক্রি এবং ক্লাবের সদস্যপদ হস্তান্তর হতে অর্জিত অর্থকে মূলধন হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ স্বর্ণ বিক্রি করলে ১৫ শতাংশ মূলধনী কর দিতে হবে।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক