সংগীতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডিজিটাল মিডিয়ায় সংগীতের মানোন্নয়ন ও সৃজনশীল মিউজিক কনটেন্ট তৈরিতে সহায়তা করতে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ও এসবের প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান পাঁচ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক