১৪ দিনে প্রবাসী আয় এলো ১৮ হাজার ৯১৯ কোটি টাকা
চলতি বছরের জুন মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৯১৯ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
আজ সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল রোববার (১৪ জুন) প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৮ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা। গত বছরের জুন মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ৫২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩০ দশমিক শূন্য চার শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৪২৯ কোটি ৮১ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৮৬৯ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক