একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানো হয়েছে। প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমেছে।
আরও পড়ুন : পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
গতকাল বুধবার (২৪ জুন) প্রতি ভরি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
গতকাল পাঁচ হাজার ৪৮২ টাকা এবং আজ দুই হাজার ২১৬ টাকা মিলিয়ে স্বর্ণের দাম দুই দফায় মোট সাত হাজার ৬৯৮ টাকা কমানো হলো।
আরও পড়ুন : বিশ্ববাজারে বড় ধস, আগের দামে ফিরছে স্বর্ণ
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক