জুনে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার ৪৪৩ কোটি টাকা
চলতি বছরের জুন মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩৪ হাজার ৪৪৩ কোটি ৬৫ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার (৩০ জুন) প্রবাসী আয় এসেছে এক হাজার ৪৭৩ কোটি টাকা। অবশ্য আজ বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডের কারণে ৬০টি ব্যাংকের মধ্যে এখনও ১১ ব্যাংকের মঙ্গলবারের প্রবাসী আয়ের তথ্য পাওয়া যায়নি।
গত বছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় কমেছে শূন্য দশমিক ৬০ শতাংশ।
সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল তিন হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক