বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মাশো কার্মা হামু দর্জি। আজ রোববার (১৯ জুলাই) সকালে গভর্নরের দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দ্বিপাক্ষিক বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং ভুটান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়ন এবং আর্থিক খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার দৃঢ় আগ্রহ ব্যক্ত করেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই আলোচনার ফলে আগামীতে দুই দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে পারস্পরিক অংশীদারত্ব আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় ও আঞ্চলিক বাণিজ্য প্রসারে এই দ্বিপাক্ষিক বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক