আট দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
চলতি বছরের আগস্ট মাসের প্রথম আটদিনে দেশে ৯১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক হলেও এসময় দেশের ১০টি ব্যাংকে কোনো প্রবাসীদের পাঠানো অর্থ আসেনি। আজ রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম আটদিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকগুলোর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং ছয়টি বিদেশি ব্যাংক। শূন্য রেমিট্যান্সের তালিকায় থাকা ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক।
এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ব্যাংক আল ফালাহ, এইচএসবিসি, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে কোনো প্রবাসী আয় আসেনি এই আটদিনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, আলোচিত সময়ে একক খাত হিসেবে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ৬৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এর বাইরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর শাখাগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৫০ হাজার ডলার।
এই আটদিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ২০ কোটি ৫১ লাখ ৫০ হাজার ডলার। ১১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ১০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ডলার নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক