নিলাম অযোগ্য খেজুর-কমলাসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১২৬টি কনটেইনারে তিন হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এসব কনটেইনারে নিলাম অযোগ্য, নিম্নমানসহ মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে।
আজ মঙ্গরবার (২৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধ্বংসযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন এবং অন্যান্য পচনশীল ও নষ্ট পণ্য, যেমন- কমলা, পেঁয়াজ, কাজুবাদাম (কেশনাট) ইত্যাদি।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংস কার্যক্রম শুরু হয়। যা নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে পুরো ধ্বংসকাজের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহায়তা প্রদান করেন।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক পরিচালিত পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে অত্যন্ত কার্যকরী অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে এনবিআর। চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য এবং ধ্বংসযোগ্য পণ্যসমূহ পর্যায়ক্রমে ধ্বংস করার এ প্রক্রিয়া জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক